ধর্মীয় পরিচয় নয়, পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানই হোক সবার বন্ধনের ভিত্তি—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তিনি বলেছেন, সকলকে সঙ্গে নিয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে চান। সম্প্রীতি নষ্ট করতে কোনো ষড়যন্ত্র হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষূ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ২৮টি মন্দিরে অনুদান ও নারীদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য। কাজী রফিকুল ইসলাম বলেন, “সম্প্রীতির বন্ধন আরও গভীর করতে চাই। সবার সমস্যা সমাধানের চেষ্টা করব। সুন্দর ও সুশৃঙ্খল মন্দির তৈরি হবে। সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর পরিবেশ গড়ে তুলে সকলের পাশে থাকব। আপনারা আমার সবচেয়ে প্রিয় মানুষ।” এ দেশে ধর্মীয় অধিকার ও মর্যাদার ক্ষেত্রে কোনো কমতি-বাড়তি নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২৮টি মন্দিরে প্রতিটিতে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। ১০০ জন নারীর হাতে তুলে দেওয়া হয় শাড়ি। এছাড়াও ১৫টি মন্দিরে সরকারি বরাদ্দের ১৫ লাখ টাকা প্রদান করা হয়। অন্যদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে সম্প্রতি ভেলাবাড়ি ও কাজলা ইউনিয়নের ১০টি পরিবারের মধ্যে চেক ও ঢেউটিন বিতরণ করেন তিনি। প্রতিটি পরিবার পেয়েছে ৬ হাজার টাকার চেক ও দুই বান্ডিল করে ঢেউটিন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে দায়িত্বে থাকা আনসার সদস্যদের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সারিয়াকান্দি থানার উপপরিদর্শক মিনার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024