কমিউনিটি পর্যায়ে মানুষের মতামত, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও শান্তি-সম্প্রীতির ইতিবাচক উদ্যোগগুলো আরও কার্যকরভাবে তুলে ধরতে কক্সবাজারের টেকনাফে কমিউনিটি রিপোর্টিং জোরদার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (HMYSDF)-এর উদ্যোগে আয়োজিত সভাটি অ্যাকশনএইড বাংলাদেশ ও শেড-এর সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের কো-ফান্ডিংয়ে বাস্তবায়িত “Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।


সভায় স্থানীয় যুব প্রতিনিধি, কমিউনিটি সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। আলোচনায় কমিউনিটির বাস্তব চিত্র, সাধারণ মানুষের মতামত, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা এবং শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের বিভিন্ন উদ্যোগকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীলভাবে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।


বক্তারা বলেন, কমিউনিটি রিপোর্টিং শুধু স্থানীয় ঘটনা তুলে ধরার মাধ্যম নয়; এটি মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং ইতিবাচক পরিবর্তনের উদ্যোগগুলো সমাজের সামনে তুলে ধরার একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শান্তি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সংহতির বার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব।


মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা কমিউনিটি রিপোর্টিংয়ের ক্ষেত্রে তথ্য যাচাই, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা, মানুষের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা এবং সংবেদনশীল বিষয় উপস্থাপনের ক্ষেত্রে সতর্কতার ওপর গুরুত্বারোপ করেন।


আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে শান্তি ও সামাজিক সম্প্রীতির ইতিবাচক উদ্যোগগুলোকে আরও দৃশ্যমান করা এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো দায়িত্বশীলভাবে তুলে ধরার জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


সভায় অংশগ্রহণকারীরা কমিউনিটি রিপোর্টিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024