|
Date: 2026-10-16 14:47:02 |
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি থেকে মর্নিং রানটি শুরু হয়। নির্ধারিত রুট অনুযায়ী অংশগ্রহণকারীরা থিমছড়ি থেকে হারুন মার্কেট, গয়ালমারা, চাকবৈঠা ও তুলাতলী হয়ে পুনরায় থিমছড়িতে ফিরে আসেন। এভাবে মোট ১২ কিলোমিটার পথ অতিক্রম করেন তাঁরা।
আয়োজকদের মতে, এ উদ্যোগের মূল উদ্দেশ্য কেবল দৌড়ের মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা নয়; বরং তরুণদের দৈনন্দিন জীবনে হাঁটা, দৌড় ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা। পাশাপাশি শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মর্নিং রানটির উদ্যোক্তা- আসন্ন ২ নম্বর রত্নাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং এ আর গ্রুপের চেয়ারম্যান আজিজুর রহমান আজিজু বলেন, “একটি সুস্থ, সচেতন ও প্রাণবন্ত সমাজ গড়তে হলে আমাদের তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার প্রতি গুরুত্ব দিতে হবে। বর্তমান সময়ে অনেকেই ব্যস্ততার কারণে নিয়মিত হাঁটা বা শরীরচর্চার সুযোগ করে উঠতে পারেন না। অথচ প্রতিদিনের সামান্য সময়ের শরীরচর্চাও সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমাদের এই ১২ কিলোমিটার মর্নিং রানের মূল উদ্দেশ্য কোনো প্রতিযোগিতা করা নয়; বরং তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়া, সবাইকে শরীরচর্চায় উৎসাহিত করা এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া। তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে সমাজে ভালো পরিবর্তন আনা সম্ভব।
এ আর গ্রুপের চেয়ারম্যান আজিজুর রহমান খুব শিগগিরই ভালুকিয়া টু ইনানী সি বিচ অভিমুকে সাইকেল রান করার ঘোষণা দেন ।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক অংশগ্রহণ বাড়াতেও ভূমিকা রাখতে পারে। নিয়মিত হাঁটা, দৌড় ও শরীরচর্চার অভ্যাস ব্যক্তিগত সুস্থতার পাশাপাশি একটি স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তুলতেও সহায়ক।
এ আয়োজনের মধ্য দিয়ে রত্নাপালং ইউনিয়নে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার একটি ইতিবাচক বার্ত ছড়িয়ে পড়েছে।
© Deshchitro 2024