|
Date: 2026-10-17 23:59:52 |
রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুর্ঘটনায় কামাল হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সার্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দির এ ঘটনা ঘটে।
তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়া মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিহত কামাল হোসেন একটি মই নিয়ে বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি হঠাৎ করে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত কামাল হোসেনের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতান খান ও শেফালী দম্পতির সন্তান। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার একটি ডেকোরেটরের দোকানে কাজ করতেন।
চরপাতা সার্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন কমিটির সভাপতি সমির কর্মকার বলেন, মন্দিরের পূজা মন্ডপের বৈদ্যুতিক কাজ করার সময় অসতর্কতাবশত এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় আমরা মর্মাহত।
রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন ভক্ত বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা। অসাবধানতাবশত সৃষ্টি ঘটনায় আমরা মর্মাহত। এখানে মণ্ডপ কমিটির কোন গাফিলতি নেই। আমরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের পাশে থাকার চেষ্টা থাকবে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁঞা বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024