জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও 

পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য

সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, 'জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে কাজ করেন। তাঁদের কর্মকাণ্ডের ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিক তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে তা যথাযথভাবে যাচাই করে জনসমক্ষে তুলে ধরা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন।'



আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোর মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখাও জরুরি। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করাও দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম শর্ত।'



সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'ইসলামপুরকে মাদক, জুয়া, চুরি ও সব ধরনের অনিয়ম-দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি জনসমক্ষে তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। দলমত নির্বিশেষে এলাকার মানুষের জন্য সার্বিক উন্নয়ন কাজ করা হবে। ইতোমধ্যে নদীভাঙন প্রতিরোধসহ বেশকিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।'



মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, আজকের পত্রিকার প্রতিনিধি এম. কে. দোলন বিশ্বাস, সাবেক সহসাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া এবং সাবেক কার্যনির্বাহী সদস্য হোসেন শাহ ফকির।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024