|
Date: 2026-10-22 21:47:50 |
শেরপুরের শ্রীবরদীতে সেতুর নিচে খাল থেকে ড্রামের ভেতরে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত নারীর নাম ঝিনুক (২৮)। তাঁর বাবার নাম সাকিল। প্রাথমিকভাবে তাঁর ঠিকানা গাজীপুরের টঙ্গী বলে জানা গেলেও সেখানে তাঁর পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে ড্রামের ভেতরে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামটির মুখ খোলা থাকায় ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তাঁরা কাছে যান। পরে ড্রামের মধ্যে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরিচয় শনাক্তের দায়িত্ব নেয় পিবিআই। বায়োমেট্রিক ডিভাইসের সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে ওই নারীর পরিচয় পাওয়া যায়।
পিবিআই সূত্রে জানা গেছে, নিহত ঝিনুক একসময় গাজীপুরের টঙ্গীর একটি ঠিকানায় ভাড়া থাকতেন। তবে দীর্ঘদিন ধরে ওই ঠিকানায় তাঁদের কেউ বসবাস করছেন না। ফলে তাঁর স্বজনদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শেরপুর ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহের পরিচয়সংক্রান্ত একটি ঠিকানা পাওয়া গেলেও সেখানে গিয়ে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। দ্রুত নিহত নারীর স্বজনদের পরিচয় ও তাঁদের সন্ধান পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে হত্যার পর মরদেহ ড্রামের ভেতরে ভরে সেতুর নিচে খালে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং মরদেহ সেখানে ফেলে যাওয়ার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
© Deshchitro 2024