|
Date: 2026-10-23 01:20:14 |
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকায় পাহাড়ধসে সন্তানহারা এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ফজলুল মুরাদ। শোকাহত পরিবারটির বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে তিনি একটি নলকূপ স্থাপনের ব্যবস্থা করে দিয়েছেন। উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গেড়ামারা এলাকায় কয়েক মাস আগে ভয়াবহ পাহাড়ধসে মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটির একমাত্র উপার্জনক্ষম সন্তান প্রাণ হারান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকের পাশাপাশি চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। এর মধ্যে বিশুদ্ধ খাবার পানির সংকট তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।
এমন পরিস্থিতিতে পরিবারটির কষ্ট লাঘবে এগিয়ে আসেন ফজলুল মুরাদ। তিনি পরিবারটির জন্য একটি নলকূপ স্থাপনের ব্যবস্থা করেন। এতে দীর্ঘদিনের বিশুদ্ধ খাবার পানির সংকট থেকে মুক্তির পাশাপাশি পরিবারটির দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
© Deshchitro 2024