|
Date: 2026-10-23 19:44:07 |
রংপুরের পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পীরগাছা জে এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
উদ্বোধনী ম্যাচে রংপুর ও লালমনিরহাট জেলা দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংপুরকে এক শূণ্য গোলে হারিয়ে জয় তুলে নেয় লালমনিরহাট জেলা দল।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পীরগাছা সোনালী অতীতের আয়োজনে এবং উপজেলা বি এন পির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বি এন পির আহ্বায়ক সাইফুল ইসলাম।
উপজেলা বি এন পির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী, উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা এন সি পির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আহম্মদ হোসেন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের মাদকসহ বিভিন্ন নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবন গঠনে ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি ও ফুটবলের প্রসার ঘটবে।
© Deshchitro 2024