শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা বলে জানান বিজিবি। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ভোরে ঝিনাইগাতী উপজেলার জামতলা কলনী এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদীগ্রাম ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) এবং একই গ্রামের কালো গাজীর ছেলে আলী (৩৬)। বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক দুই ব্যক্তি এবং পলাতক আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পরিবহন ও মাদক পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024