বাসা থেকে বের হলো, জমি নিয়ে বিরোধের মধ্যস্থতা করতে, কিন্তু বাসায় ফিরল স্কুল শিক্ষকের নিথর দেহ।
দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়ির সীমানা ও রাস্তার জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে মারামারিতে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে এবং চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়া মোল্লাপাড়া গ্রামের মরহুম আজিজুল মাস্টারের পরিবারের সঙ্গে প্রতিবেশী আসাদুজ্জামান (৩২) গংদের দীর্ঘদিন ধরে বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে উক্ত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় শিক্ষক মনোরঞ্জন রায় পরিস্থিতি শান্ত করতে ও বিরোধ মীমাংসার উদ্দেশ্যে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান ও তাঁর সঙ্গীয় লোকজন মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত হামলা চালায় এবং সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা আল রোমান জরুরি সেবা '৯৯৯'-এ ফোন দিলে পার্বতীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করেছে।
পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মূল অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।