|
Date: 2026-10-28 18:03:57 |
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা মাঠ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাপ্পি কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, সুস্থ থাকতে হলে প্রত্যেকেরই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। খাবার গ্রহণের আগে ও পরে এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বার্তাও তুলে ধরা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে এবং সুস্থ ও পরিচ্ছন্ন জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আসবে।
© Deshchitro 2024