|
Date: 2026-10-28 18:04:54 |
‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর ২০২৬ বুধবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভাসহ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন বেলুন উড়িয়ে হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য শিশু-কিশোরসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা বলেন, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়া জীবাণুর বিস্তার রোধ এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকার অন্যতম কার্যকর উপায়। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে হাত ধোয়ার সঠিক পদ্ধতি অনুসরণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
© Deshchitro 2024