গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া এলাকায় বিক্রিত পণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ওজন পরিমাপের মানদণ্ড অনুসরণ না করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার উজানচর ও দৌলতদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ও ৪৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। অভিযানের সময় বিক্রিত পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা এবং ওজন পরিমাপের ক্ষেত্রে যথাযথ মানদণ্ড ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে সঠিক ওজন নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ওজন পরিমাপে অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের অধিকার সুরক্ষা, পণ্য ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ওজন পরিমাপে প্রচলিত আইন ও মানদণ্ড অনুসরণে ব্যবসায়ীদের বাধ্য করতে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024