চা-বাগানঘেরা দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী শ্রীমঙ্গলে শহরের সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অতিরিক্ত ধুলাবালি থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সড়কে পানি ছিটানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়কে ধুলাবালির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় পথচারী ও যানবাহনের যাত্রীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল। এর ফলে একদিকে যেমন শহরের পরিবেশ নষ্ট হচ্ছিল, অন্যদিকে শিশু ও বয়স্কদের মধ্যে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছিল। এই সমস্যার সমাধানে পৌরসভার উদ্যোগে বিশেষ গাড়ির মাধ্যমে প্রধান সড়কগুলোতে পানি ছিটানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের চৌমুহনা, মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোড, ভানুগাছ রোড ও স্টেশন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই কার্যক্রম পরিচালিত হয়।

এই উদ্যোগের ফলে শহরের বাতাসে ধুলাবালির উপদ্রব কমবে এবং শ্রীমঙ্গলের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা। পর্যটন নগরীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নিয়মিত এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “শহরের বিভিন্ন সড়কে ধুলাবালির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পথচারী ও যাত্রীদের চলাচলে মারাত্মক ভোগান্তি হচ্ছিল। জনস্বাস্থ্য সুরক্ষা ও পর্যটন নগরীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আমরা নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024