‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনের আয়োজন করা হয়।


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিয়াছ শাহ্ সারোয়ার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।


অনুষ্ঠানের শুরুতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিয়াছ শাহ্ সারোয়ার শিক্ষার্থী ও অতিথিদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। পরে তিনি স্বাগত বক্তব্য দেন।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, সুস্থ থাকতে শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিদিনের জীবনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর ভালোভাবে হাত ধোয়া জরুরি। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।


তিনি আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। শিক্ষার্থীরা নিজেরা হাত ধোয়ার অভ্যাস মেনে চলার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারে। সুস্থ জীবন গঠনে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ স্বাস্থ্যচর্চার কোনো বিকল্প নেই।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাক ও সহকারী শিক্ষক রোস্তম আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024