জামালপুরের ইসলামপুরের ছয় মাসের সাজাপ্রাপ্ত খোকন সরকারকে (৩৪) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা থাকায় তাঁর বাবা সোনা মিয়াকেও পুলিম গ্রেপ্তার করেছে। 


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পুলিশ খোকন ও সোনা মিয়াকে জামালপুর আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


এর আগে গতকাল বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল রানার যৌথ নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদেরকে গ্রেপ্তার করে থানায় আনেন। খোকন ও সোনা মিয়া ইসলামপুর পৌর শহরের ভেঙ্গুড়া গ্রামের বাসিন্দা। 


পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পাঁচ লাখ টাকা চেক ডিজঅনারের দায়ে ইসলামপুর পৌর শহরের বাসিন্দা সৈয়দ মাসুদুর রহমান রাজা বাদী হয়ে খোকনকে আসামি দিয়ে ২০২৩ সালের ৪ জুন জামালপুরের ইসলামপুর সিআর আমলি আদালতে মামলা করেন। খোকনকে আদালতে হাজির হওয়ার জন্য সমনের আদেশ দেন বিচারক। ওই বছরের ৬ জুলাই আদালতে থেকে জামিন নেন খোকন। একইদিন বিচারের জন্য মামলটি জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন সংশ্লিষ্ট বিচারক। 

২০২৪ সালের ১৮ জানুয়ারি আদালতে হাজির না হওয়ায় খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুগ্ম ২য় জেলা জজ আদালতের বিচারক। এরপর খোকন আত্মগোপনে চলে যায়। ওই বছরের ৫ ফেব্রুয়ারি একই আদালত খোকনের অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে ছয় মাসের বিনাশ্রম সাজাসহ পাঁচ লাখ টাকা জারিমানা করে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। 


খোকনের বিরুদ্ধে চেক ডিজঅনারের অভিযোগে এনআই এ্যাক্টের ধারায় আদালতে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ২০২৫ সালের ৭ মার্চ রাতে নারায়ণগঞ্জ শহর থেকে খোকনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ। পরদিন ৮ মার্চ দুপুরে পুলিশ তাঁকে জামালপুর আদালতে সোপর্দ করলে বিকেলেই জামিন পান তিনি। সাজাপ্রাপ্ত পরোয়ানা সংশ্লিষ্টরা এক বছরেও থানায় না পৌঁছানোর সুযোগে খোকন ওই সময় জামিনে মুক্তি হন।


এনিয়ে ২০২৫ সালের ১৪ মার্চ আজকের পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে 'পরোয়ানায় বছর পার, সাজাপ্রাপ্তের জামিন' শিরোনামে খবর প্রকাশ হলে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট প্রতিবেদককে তলব করা হয় আদালতে। এর ফলশ্রুতিতে দ্রুত সাজা পরোয়ানা থানায় পৌঁছান সংশ্লিষ্টরা।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'খোকন সরকারের বিরুদ্ধে ছয় মাসের সাজাসহ পৃথক তিনটি অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া অর্থ আত্মসাতের মামলায় তাঁর বাবা সোনা মিয়ার বিরুদ্ধে রয়েছে এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা। তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।'




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024