|
Date: 2026-10-30 21:31:39 |
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা। পালিয়ে গেল বাড়ির লোকজন।
ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকির মোহাম্মদ নামানির চর এলাকায়। ঘটনার পর মরদেহ বাড়িতে রেখে তারা পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
নিহতের স্বজনরা জানায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দোলন এলাকার নুর ইসলামের মেয়ে নাসরিন জাহান(২০) এর সঙ্গে প্রায় তিন বছর প পাশের ফকির মোহাম্মদ নামানির চর এলাকার লালু মিয়ার ছেলে আলমগীর হোসেনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আলমগীর তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
স্বজনদের অভিযোগ, বুধবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নাসরিনের সঙ্গে তার স্বামীর ঝগড়ার একপর্যায়ে তাকে প্রচন্ড মারধর করা হলে মৃত্যু হয়। এই ঘটনায় আলমগীরসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরা পালিয়ে যান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধুর লুজাই আক্তার নামে আড়াই বছর বয়সের একটি ছেলে সন্তান আছে।
নিহতের বাবা নুর ইসলাম অভিযোগ করে বললেন, বিয়ের সময় যৌতুক হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছিলাম। বাকি টাকা পরিশোধের জন্য সময় নিয়েছিলাম। চলতি মৌসুমে ধান বিক্রি করে টাকা দেওয়ার কথা ছিল। এর মধ্যে আমার জামাই আলমগীর হোসেনসহ তার পরিবারের লোকজন বাকি ৪৫ হাজার টাকার জন্য আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন আছে। আজ শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেছেন।#
© Deshchitro 2024