|
Date: 2026-10-30 23:04:31 |
কুমিল্লায় চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে যৌথ অভিযান এবং সীমান্তবর্তী পালপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে ২৯ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ১০ বিজিবির অ্যাডজুটেন্টের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স দল রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে ১০ বিজিবির বিশেষ টহল দল পালপাড়া নামক স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি আটক করে।
দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
১০ বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
© Deshchitro 2024