|
Date: 2026-11-01 16:44:53 |
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ১লা নভেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের অয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকসহ যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ৫ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে ৯ লক্ষ ৩০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিভিন্ন যুব সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চলবে।
© Deshchitro 2024