জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ছয়টি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার ২২৫ টাকাসহ মোঃ মিলন হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রোববার (১ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাটের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করার সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মিলন হোসেনকে আটক করা হয়। পরে তাঁর পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মিলন হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বসতঘরের কাঠের আলমারির ড্রয়ার থেকে ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে মিলে অবৈধভাবে মাদক সংগ্রহ, মজুত ও নিজ এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মিলনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024