|
Date: 2026-11-01 17:22:56 |
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"-এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ফুয়াদ শাহরীয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, উদ্যোক্তা আলমগীর হোসেন প্রামানিক, কল্পনা আক্তার, হামার পীরগাছা যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল হোসেন সহ অনেকে।
আলোচনা শেষে যুবদের ঋণ বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ বিতরণ, কেক কাটা, বিভিন্ন স্টল পরিদর্শন ও গাছের চারা বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রম, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় যুবকদের দক্ষতা অর্জন, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও স্বাবলম্বী হতে আগ্রহী যুবকদের মধ্যে যুব ঋণ বিতরণ করা হয়।
© Deshchitro 2024