লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। ​ হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তর বুল্লা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় দেদারসে বিক্রি হচ্ছে পোল্ট্রি মুরগির কলিজা, পা, মাথা ও গিলা-কলিজা। স্বাস্থ্য ঝুঁকি তোয়াক্কা না করেই প্রতি বাজারবারে প্রকাশ্যে এসব নিম্নমানের মাংস ও হাঁস-মুরগির বর্জ্যাংশ বিক্রি করা হচ্ছে। ​অনুসন্ধানে জানা গেছে, প্রতিবেশী মৌলভীবাজার জেলার বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেল থেকে কম দামে এসব ফেলে দেওয়া ও প্রক্রিয়াজাতকৃত অংশ সংগ্রহ করে আনা হয়। এরপর প্রতি শনিবার ও মঙ্গলবার বুল্লা বাজারের নিয়মিত হাটের দিনে তা বিক্রি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি হাটের দিনে অন্তত ৫০-৬০কেজি করে এই নিম্নমানের মোরগের বিভিন্ন অংশ বিক্রি হচ্ছে। ​বাজার সূত্রে কথা হয় পশ্চিম বুল্লা গ্রামের তাউস মিয়ার ছেলে বিক্রেতা খোকন মিয়ার (১৫) সাথে। সে জানায়, নিয়মিত মৌলভীবাজারের বিভিন্ন রেস্তোরাঁ থেকে এসব মোরগের কলিজা, পা ও মাথা সংগ্রহ করে এনে তারা বুল্লা বাজারে বিক্রি করে থাকে। গড়ে প্রতি বাজারবারে তাদের প্রায় ৫০-৬০ কেজি মাংস ও এসব অংশ বিক্রি হয়। ​স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব বাসি এবং নিম্নমানের মোরগের বর্জ্যাংশ ও কলিজা বিক্রি করায় সাধারণ ক্রেতা ও নিম্ন আয়ের মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এসব খাবার থেকে পেটের পীড়াসহ নানা ধরনের পানিবাহিত ও ব্যাকটেরিয়াজনিত রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাজার ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম এর সাথে আলাপকালে জানান বিষয়টি অবগত হয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024