জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষ উদযাপনের অংশ হিসেবে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা এবং ক্রীড়াচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।


এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন।


সভায় নারীদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল, উৎসবমুখর ও সর্বজনীন মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, সম্ভাব্য অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


সভায় বক্তারা বলেন, নারীর শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন নারীদের ঘরের গণ্ডি পেরিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি নারী ক্ষমতায়ন, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং ক্রীড়াবান্ধব সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নজরুলের সাম্য ও মানবতার চেতনাকে ধারণ করে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন শেরপুরে একটি ইতিবাচক সামাজিক ও ক্রীড়া আন্দোলনের অনুপ্রেরণা জোগাবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024