|
Date: 2026-11-04 09:44:02 |
চট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। এ ছাড়া অস্ত্রোপচারের উপযোগী ৩৬০ জন রোগীকে বাছাই করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফটিকছড়ির দাঁতমারা ভুজপুর এলাকার ইউনুছ কনভেনশন হলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস এ ফারুক। সৌজন্যে ছিল বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি রোগীদের মধ্যে প্রায় লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়। প্রায় এক হাজার রোগীকে শরবত পান করানো হয়। চক্ষু পরীক্ষার পর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে এমন ৩৬০ জন রোগীকে পরবর্তী চিকিৎসার জন্য বাছাই করা হয়। তাঁদের ডা. এস এ ফারুকের খরচে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। এ ছাড়া রোগীদের বিনামূল্যে চশমা, ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ডা. এস এ ফারুক জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে যারা চোখের চিকিৎসা করাতে পারেন না, তাদের চিকিৎসার সুযোগ তৈরি করাই এ ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য।
© Deshchitro 2024