মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চিরবিদায়ের অমোঘ বিধানে না-ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর, আলেমে দ্বীন ও কামেল তরীকতের সাধক সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতী (ম.জি.আ.)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ শুকছড়ী  গ্রামের এক আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী আউলিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে দক্ষিণ শুকছড়ীসহ লোহাগাড়া ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় পীরের বিদায়ে শোকাভিভূত হয়ে পড়েন অসংখ্য মুরিদ, ভক্ত, অনুসারী ও শুভানুধ্যায়ী।

একজন আলেমে দ্বীন ও আধ্যাত্মিক পথপ্রদর্শকের বিদায়ে তার অনুসারীদের হৃদয়ে সৃষ্টি হয়েছে গভীর শূন্যতা। মানুষের জীবনাবসান ঘটে, কিন্তু ভালোবাসা, স্মৃতি ও মানুষের হৃদয়ে রেখে যাওয়া শ্রদ্ধা কখনো হারিয়ে যায় না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম শহরে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ নভেম্বর) আছরের নামাজের পর দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।

এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, মুরিদ ও ভক্তদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেছেন তার শুভানুধ্যায়ীরা।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024