|
Date: 2026-11-07 16:47:06 |
মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সোনার বাংলা আদর্শ ক্লাব’-এর উদ্যোগে ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সাধুহাটি আব্দুল বারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের মোট ৮৪০ জন মেধাবী শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা এমন একটি সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরীক্ষা কেন্দ্রে ও সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং মনুমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান হোসেন সাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন এসআই সুশান্ত দাশ, ক্লাবের উপদেষ্টা ও সাংবাদিক রিপন মিয়া, ক্লাবের সভাপতি নজমুল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির ও জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সহ-সাধারণ সম্পাদক কাওচার মিয়া ও মামুনুর রশীদ মাছুম, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়ারুফ মিয়া, অর্থ সম্পাদক নেছার আহমেদ প্রমুখ।
ক্লাব কতৃর্পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের মেধা যাচাই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© Deshchitro 2024