ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর মোহাম্মদ। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অক্টোবর মাসে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়। ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা সভায় সভাপতিত্ব করেন এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ এস এম নূর মোহাম্মদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় রেঞ্জাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান অপরাধ নিয়ন্ত্রণে প্রো-অ্যাকটিভ পুলিশিং জোরদার, জনসাধারণের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনায় ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদের এ অর্জন শেরপুর জেলার পুলিশ বিভাগের জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে জেলার এ সম্মাননা অর্জন। ইতঃপূর্বেও তিনি শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024