|
Date: 2026-11-12 11:53:14 |
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচে অবস্থিত একটি ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুলিয়ারচর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটককৃত কাজী জহিরুল ইসলাম ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের কাজী মাইন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত ‘মা আর্ট অফসেট প্রেস এন্ড ডিজিটাল সাইন’ নামের ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরি করা হচ্ছিল-এমন সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় হাতেনাতে কাজী জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই ছাপাখানায় তালা ঝুলিয়ে দেন।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কাজী জহিরুল ইসলাম দাবি করেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ছবি সংবলিত একটি ফটোকার্ড (প্লেকার্ড) বা পোস্টার তৈরির কাজ করাতেই তিনি ওই প্রেসে এসেছিলেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক একজনকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আটককৃত ব্যক্তির দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© Deshchitro 2024