কুমিল্লার নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমান।


সভা শুরুর আগে নবযোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ এবং প্রধান অতিথি ইউএনও আবু রায়হানকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক লিটন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন, মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম এবং পূর্ব বামপাড়া মাদানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খোরশেদ আলম।


এ সময় বক্তারা উপজেলার মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার সার্বিক অগ্রগতিতে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024