|
Date: 2026-11-12 22:25:40 |
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
পরীক্ষা চলাকালে তাদের কাছ থেকে বই, মোবাইল ফোন ও ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়।
জানা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রের হল পর্যবেক্ষক ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্যরা তল্লাশি চালিয়ে এসব সামগ্রী জব্দ করেন। পরে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক আফসানা পারভিন।
কলেজ ও কেন্দ্র সূত্রে জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন সাতটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য পৃথক পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক আফসানা পারভিন বলেন, 'অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে শিক্ষার্থীদের কাছ থেকে বই, মোবাইল ও ব্লুটুথ ডিভাইস পাওয়া গেছে। শৃঙ্খলার পরিপন্থী এমন কার্যক্রমের অপরাধে চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।'
উল্লেখ্য, তাৎক্ষণিকভাবে বহিষ্কৃত চার শিক্ষার্থীর নাম পরিচয় জানা যায়নি।
© Deshchitro 2024