|
Date: 2026-11-13 23:24:58 |
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৬ শনিবার (১৪ নভেম্বর) একযোগে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার ৪টি উপজেলার ৫টি কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে জেলার শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের মোট ১ হাজার ২৫৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা চলবে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জেলা কমিটি সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলার মুক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৭৩৫ জন শিক্ষার্থী, রাজনগর উপজেলার খলাগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৫ জন শিক্ষার্থী, মৌলভীবাজার শহরের কাশিনাথ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫১ জন শিক্ষার্থী এবং শ্রীমঙ্গল শহরের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে ২৮ জন শিক্ষার্থী অংশ নেবে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন–শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি ইতোমধ্য সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া তিন ঘণ্টাব্যাপী এই বৃত্তি পরীক্ষায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসারের পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরের শিক্ষকরা তৎপর থাকবেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মো. এহসানুল হক জানান, মৌলভীবাজার জেলা থেকে সহস্রাধিক শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। জেলার চার উপজেলার ৫টি কেন্দ্রেই শান্তিপূর্ণ ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগী ও আগ্রহী করে তুলতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন প্রতি বছরই এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে থাকে।
© Deshchitro 2024