|
Date: 2026-11-14 09:22:12 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র গজনী অবকাশে বেড়াতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটন কেন্দ্রের নির্ধারিত সীমানার বাইরে একটি পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ঘোরাঘুরির একপর্যায়ে তারা পর্যটন কেন্দ্রের বাইরের একটি টিলায় উঠলে একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। এ সময় শিক্ষার্থীদের মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান জানান, তাদের ৭৩ সদস্যের একটি দল গজনী অবকাশ কেন্দ্রে বেড়াতে এসেছিল। পরে দলটি কয়েকটি ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যায়। এ সময় আটজনের একটি দল পাহাড়ি এলাকায় গেলে দুর্বৃত্তদের কবলে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা অন্য সহপাঠীদের সঙ্গে মিলিত হন।
ঘটনার বিষয়ে গজনী অবকাশ কেন্দ্রের তত্ত্বাবধায়ক ক্লেমেন রাখসাম বলেন, পিকনিক দলের সদস্যদের দুর্গম পাহাড় ও জঙ্গলে না যাওয়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। ছিনতাইয়ের খবর পেয়ে তিনি পুলিশকে অবহিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্বৃত্তরা দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে গেছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছিনতাইয়ের ঘটনাটি পর্যটন কেন্দ্রের নির্ধারিত এলাকার বাইরে পাহাড়ে ঘটেছে। স্থানীয়দের নিষেধ উপেক্ষা করে পর্যটকেরা সেখানে গিয়েছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
© Deshchitro 2024