কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মুগডালের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিসে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন ও ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মসূচির সদস্য সচিব মর্জিনা আক্তার। এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ও সাংবাদিক বৃন্দ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ১০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এ ছাড়া ৩০ জন কৃষককে প্রত্যেককে ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি মুগডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024