মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’ এবং প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে অবিলম্বে সংবাদটি প্রত্যাহার এবং প্রতিবাদলিপি প্রকাশের দাবি জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে দৈনিক এই বাংলা ডটকম, ১৩ নভেম্বর বাংলা এফএম এবং বাণিজ্য প্রতিদিন পত্রিকাসহ সম্প্রতি ডেইলি বাংলা পোস্ট, দৈনিক আমাদের কথা, নয়া সংবাদ, ডিজিটাল বাংলা নিউজ, পাবলিক ভয়েস ২৪ ডটকম, দেশ বর্তমান, দ্য মেইল, বিডিবার্তা কণ্ঠ ডটকম, নিউ ইয়র্ক ভয়েস বাংলা, ডেইলি নিউজ বাংলা ২৪ ডটকম, বাংলা এক্সপ্রেস অনলাইন ডটকম, সিটি পোস্ট বিডি ডটকম, চ্যানেল টুয়েন্টি নিউজ, আজকের পৃথিবী, নিউজ টুডে২৪, নিউজনাউ২৪, সাননিউজ২৪সহ নিবন্ধনহীন বহু পোর্টাল এবং তিমির বণিক ও সত্যজিৎ দাশের ফেসবুক আইডিতে ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’ এবং প্রধান শিক্ষককে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটিতে কোনো তথ্য-প্রমাণ বা সরেজমিন যাচাই ছাড়াই একতরফাভাবে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তোলা হয়েছে।

বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রকৃত সত্য:

১. ভবনে পত্রিকার কার্যালয় সংক্রান্ত মিথ্যাচার: সংবাদে দাবি করা হয়েছে যে, প্রতিষ্ঠানের ভবনে চারটি পত্রিকার প্রতিনিধির কার্যালয় রয়েছে—যা সম্পূর্ণ অসত্য ও কাল্পনিক। সরেজমিন পরিদর্শন না করেই এ ধরনের মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছে।

২. ‘দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা’ ও দ্বৈত পদের ভিত্তিহীন অভিযোগ: 

ভবনটির তৃতীয় তলায় পরিচালিত ‘দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা’-র সাথে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের কোনো প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র কিন্ডারগার্টেন স্কুল। মাদ্রাসার পরিচালনা পর্ষদ এবং প্রিন্সিপাল সম্পূর্ণ আলাদা ব্যক্তি হওয়া সত্ত্বেও স্কুলের প্রধান শিক্ষক এবং মাদ্রাসার সুপার একই ব্যক্তি বলে যে দাবি করা হয়েছে, তা শতভাগ বানোয়াট।

৩. আইনসম্মত ও নিয়মমাফিক স্কুল পরিচালনা: 

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০২৩ এর বিধি ৪ এর উপবিধি (৫) এর অধীন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ‘পাঠদান অনুমতি সনদ’ (স্মারক নং: ৩৮.০১.৫৮০০.০০০.৪৭.০০২.২৬-৪৪/১(৬), তারিখ: ৬ জানুয়ারি ২০২৬) প্রাপ্ত হয়েছে। এছাড়া ২০১৭ সালে ইএমআইএস কোড (নং: ৬০৪০৬১১১০) এবং ২০২৮ সালে স্কুল কোড (নং: ৪৬০৯৭২) প্রদান করা হয়েছে।

৪. ৬ লাখ টাকা সরকারি অনুদান গ্রহণের ডাহা মিথ্যা তথ্য:

সংবাদে ২০২৪-২৫ অর্থবছরে পিআইও অফিস থেকে ৬ লাখ টাকা অনুদান নেওয়ার যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত সত্য হলো, টিআর প্রকল্পের আওতায় দুই কিস্তিতে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা উন্নয়ন তহবিলে পাওয়া গেছে, যার শতভাগ স্বচ্ছতার সাথে আসবাবপত্র ক্রয় ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়েছে এবং বৈধ ভাউচার যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে। দাপ্তরিক নথিপত্র যাচাই না করে কাল্পনিক অংক বসিয়ে প্রতিষ্ঠান প্রধানকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।  

৫. প্রভাব বিস্তার, ঘুষ ও দুর্নীতির অপপ্রচার: 

প্রতিষ্ঠান প্রধান শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার এবং একজন অনুসন্ধানী সাংবাদিক। অভিযোগকারীর বিরুদ্ধে অতীতে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ব্যক্তিগত আক্রোশ ও হীন স্বার্থ চরিতার্থ করতেই এই কুচক্রী মহল ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।

কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা সূত্র ছাড়াই এ ধরনের ঢালাও অভিযোগ আনা চরম মানহানিকর এবং ফৌজদারি অপরাধের শামিল। ব্যক্তিগত আক্রোশ ও হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেছে এবং গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে ব্যবহার করেছে।

৬. শিফটভিত্তিক পাঠদান ও পাঠ্যপুস্তক: 

প্রতিষ্ঠানে মর্নিং শিফটে প্রাথমিক এবং ডে শিফটে নিম্নমাধ্যমিক শাখার ক্লাস পরিচালিত হয়। সরকার নির্ধারিত ন্যাশনাল কারিকুলাম অনুসরণ করে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পাঠ্যবই বিতরণ ও শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

৭. নিম্নমাধ্যমিক শাখার অনুমোদন প্রক্রিয়া: 

সিলেট শিক্ষা বোর্ডের অধীন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল-কে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদানের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী মাউশির পরিদর্শন টিম সরেজমিন পরিদর্শন সম্পন্ন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক শাখা-২ (যার স্মারক নং : ৩৭.০০.০০০০.০৭৩.৩৩.১৪৮.১৯.৬৬০)। তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯। ইআইএন নম্বর না পাওয়া পর্যন্ত ইআইএনপ্রাপ্ত স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে, ফলে শিক্ষার্থীদের কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। 

অভিযোগকারীর প্রকৃত পরিচয় ও আইনি পদক্ষেপ :

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংবাদে যাকে অভিযোগকারী হিসেবে দেখানো হয়েছে, তিনি উপজেলার একজন বিতর্কিত ব্যক্তি। বিভিন্ন প্রতারণা, স্বাক্ষর জালিয়াতিসহ নানা মামলায় অভিযুক্ত এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে গত ২০২৬ সালের ২৩ এপ্রিল শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩৬২) করেছিলেন প্রধান শিক্ষক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)। সাংবাদিকরা কোনো ধরনের বক্তব্য না নিয়েই একপক্ষীয় সংবাদ প্রচার করেছেন।

স্কুল কর্তৃপক্ষ অবিলম্বে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদটি দ্রুত প্রত্যাহার (ডিলিট) করে প্রিন্ট ও অনলাইন পোর্টালে প্রতিবাদলিপিটি গুরুত্বের সাথে প্রকাশের অনুরোধ জানিয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানের মানহানি ও ক্ষতিরোধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি ও সাইবার নিরাপত্তা আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

একইসঙ্গে মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করা ও প্রতিষ্ঠানের মানহানি করার অপরাধে অভিযোগকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024