দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতিক খান মিম ওরফে মনু (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত কুরিয়ারের কার্টুন, শোষক তুলার প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন এবং একটি ক্যাশ মেমোসহ চালান কপি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
১৭ নভেম্বর ২০২৬ খ্রিট্রেতারিখে জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল ১৭ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটে কোতোয়ালী থানাধীন কালিতলাস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এর পেছনে পার্সেল গোডাউনে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মো. আতিক খান মিম ওরফে মনু নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজতে থাকা কার্টুন তল্লাশী করে ৬০০ পাতায় ১০ পিস করে মোট ৬ হাজার পিস (ওজন ১ হাজার ৬২০ গ্রাম) ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কার্টুনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট, ১৮টি জয় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং আসামীর পকেট থেকে ক্যাশ মেমসহ চালান কপি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছেন যে, তিনি উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। পুলিশ জানিয়েছে, ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।