তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসিক ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে দর-কষাকষির প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। 


সংস্থাটির মতে, চার সদস্যের একটি পরিবারের দারিদ্র্যসীমার ওপরে থাকার জন্য একজন উপার্জনক্ষম শ্রমিকের মাসিক অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন। আর পরিবারের মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। 


বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে উপস্থাপিত মূল প্রবন্ধে এ প্রস্তাব তুলে ধরে সংস্থাটি। প্রবন্ধটি উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।


প্রবন্ধে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের প্রবেশ পর্যায়ের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৬ সালের অক্টোবরে ওই মজুরির ক্রয়ক্ষমতা ধরে রাখতে প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এতে শ্রমিকদের প্রকৃত আয় বাড়বে না, শুধু আগের ক্রয়ক্ষমতা ফিরে আসবে।


অন্যদিকে, পরিবারের চার সদস্য এবং গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে সিপিডির হিসাবে দারিদ্র্যসীমার ওপরে থাকতে একজন শ্রমিকের মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।


আর খাদ্য, বাসস্থান, পোশাক, শিক্ষা, যোগাযোগ, ব্যক্তিগত পরিচর্যা, জরুরি প্রয়োজন ও সঞ্চয় বিবেচনায় একটি পরিবারের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।


সিপিডি বলছে, এ হিসাবগুলো বিদ্যমান তথ্যের ভিত্তিতে করা প্রাথমিক প্রাক্কলন। পোশাকশ্রমিকদের পরিবারে প্রকৃত সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে বড় পরিসরের প্রতিনিধিত্বশীল জরিপ নেই। ফলে এসব অনুমানের ওপর মজুরির হিসাব সংবেদনশীল।


প্রবন্ধে বলা হয়, বর্তমানে দেশে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়া মূলত শ্রমিকদের দাবি, মালিকদের পাল্টা প্রস্তাব এবং বিভিন্ন পক্ষের চাপের মধ্যে দর-কষাকষিনির্ভর। প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি হিসাব করার পরিবর্তে দুই পক্ষের প্রস্তাবের মাঝামাঝি একটি অঙ্ক নির্ধারণ করা হয়। এতে শ্রমিক ও মালিক উভয় পক্ষের অসন্তোষ থেকে যায় এবং পরবর্তী সময়ে আবারও শ্রমিক অসন্তোষ তৈরি হয়।


সিপিডির বিশ্লেষণে বলা হয়, ন্যূনতম মজুরি বোর্ডের কাছে শ্রমিকদের দাবি থাকলেও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নিয়ে হালনাগাদ জরিপ নেই। 


একইভাবে শিল্পের উৎপাদন ব্যয়, পণ্যের দাম, উৎপাদনশীলতা ও কারখানার সক্ষমতা নিয়েও সমন্বিত মূল্যায়ন নেই। মজুরি নির্ধারণের জন্য কোনো সম্মত সূচক বা নির্দিষ্ট পদ্ধতিও নেই।


গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দেওয়া প্রস্তাবে প্রবেশ পর্যায়ের মজুরি ৩২ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার এবং প্রথম গ্রেডে ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। 


নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা। তবে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবের অঙ্ক নির্ধারণের পদ্ধতি উল্লেখ করেনি। মালিকপক্ষের প্রস্তাবও তখন পর্যন্ত জমা পড়েনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024