গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত




রাজবাড়ীর গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তন এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টার সময় শাপলা মহিলা সংস্থার প্রজন্ম-সোপান প্রকল্পের উদ্যোগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রকল্প কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাপ্পি কুমার সাহা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক , গোয়ালন্দ ঘাট থানার প্রতিনিধি সঞ্জয় বৈদ্য এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিম সরদার।


এ ছাড়া উপস্থিত ছিলেন শাপলা মহিলা সংস্থার প্রজন্ম-সোপান প্রকল্পের ইমপ্লিমেন্টিং অফিসার মো. খোরশেদ আলম, পায়াকট বাংলাদেশের  ম্যানেজার মো. মজিবুর জুয়েলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।



সভায় যৌন পল্লীর বাসিন্দাদের নেতিবাচক সামাজিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


এ সময় সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, সচেতনতা তৈরি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় অংশগ্রহণকারীরা সমাজে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং সকলের জন্য সমান সুযোগ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024