কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের *ফেনী সীমান্তবর্তী পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে* তাদের গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন— চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের কাজী কামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের মোঃ বাবুলের ছেলে মোঃ হাসান (২০), শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শহিদের ছেলে মোঃ সজিব (২০) এবং ফেনী সদর উপজেলার ফেনী পৌরসভার শান্তি কোম্পানি রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২০)। ​এছাড়া এ ঘটনায় জড়িত আরও দুই কিশোরকে (বয়স ১৫ ও ১৬ বছর) গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার আশফালিয়া গ্রামে এবং অপরজনের বাড়ি ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকায়। ​ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশায় করে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পদুয়া রাস্তার মাথায় অবস্থান নেয়। এ সময় তারা দাহ্য পদার্থ (মবিল) ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল (মোবাইল-৩) স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ওই ছয়জনকে হাতেনাতে আটক করে। ​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024