শেরপুর সদর উপজেলার ছোট ঝাউয়েরচর যুব মহিলা সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেরপুর সদর উপজেলার ছোট ঝাউয়েরচর এলাকায় সংগঠনের সদস্যদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কারিতাসের সীডস প্রকল্পের সহায়তায় গঠিত আত্মনির্ভরশীল দলের সমন্বয়ে গড়ে ওঠা কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও) ছোট ঝাউয়েরচর যুব মহিলা সংগঠনের এ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুল আহসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের সীডস প্রকল্পের কর্মকর্তা মো. ওসমান গণি এবং মাঠ সহায়ক মি. রনু নকরেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুপালি বেগম। সভায় সংগঠনের কার্যক্রম, সদস্যদের আত্মনির্ভরশীলতা অর্জন, নারীর ক্ষমতায়ন এবং যুব মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সংগঠনের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি আত্মনির্ভরশীল, সচেতন ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি ছোট ঝাউয়েরচর যুব মহিলা সংগঠনের সদস্যবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024