বরিশাল নগরীর কাশিপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। মিছিলজুড়ে নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় প্রতিবাদী পরিবেশ সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিল থেকে জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন মো. জিয়াউদ্দিন সিকদার। তিনি বলেন, যারা জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করবে এবং মানুষের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জনগণের ক্ষতি করতে আসবে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীরা সোচ্চার ভূমিকা পালন করবে। বিক্ষোভ মিছিলের মাধ্যমে কাশিপুর এলাকায় জননিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দেন বিএনপি নেতাকর্মীরা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024