ঢাকার মিরপুরে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে কিডস ফেস্টিভাল ‌‌অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে এ ফেস্টিভাল ‌‌আয়োজন করা হয়।


আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ৬০ ফিট রোডের ইফা কনভেনশন সেন্টারে এ ফেস্টিভাল শুরু হয়।


শিশুদের সৃজনশীলতা, প্রতিভা, আত্মবিশ্বাস ও আনন্দময় শিক্ষার বিকাশের লক্ষ্যে এ ফেস্টিভাল আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোর, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাবিদরা অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম খলিফা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ নাজমুর রহমান (অব.)।


প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম খলিফা বলেন পৃথিবীর বেশিরভাগ জ্ঞান-বিজ্ঞান গ্রন্থ ইংরেজি ও আরবি ভাষায় রচিত। ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুল আমাদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, এ বিশেষ উদ্যোগের জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই।


বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ নাজমুর রহমান বলেন, আজকে যারা সন্তানকে ইংরেজি মাধ্যম ইসলামিক স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা সৌভাগ্যবান। আমি আমার সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়িয়েছি, কিন্তু ওই সময আমার এলাকায় ল্যান্টার্সের মতো ইসলামিক স্কুল না থাকায় আমি এ সুযোগ পাইনি।


সভাপতির বক্তব্যে ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমি দেশ-বিদেশের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। সেই সব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থেকে আমরা ইংরেজি মাধ্যম ইসলামিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।


অনুষ্ঠানে শিশুদের জন্য ইসলামী সংগীত, কোরআন তেলাওয়াত, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা আয়োজন করা হয়। 


আনন্দ-উৎসব, প্রতিযোগিতা ও প্রাণচাঞ্চল্যে অনুষ্ঠানটি শিশু-কিশোর ও অভিভাবকদের মিশন মেলায় পরিণত হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024