◾মু. সায়েম আহমাদ : মানুষের মৌলিক অধিকার হলো এমন কিছু অধিকার, যা সে জন্মগতভাবেই লাভ করে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা কিংবা যেকোনো সামাজিক অবস্থানের; নির্বিশেষে প্রত্যেক মানুষ এসব অধিকার পাওয়ার যোগ্য। চিকিৎসা সেবা পাওয়ার অধিকারও মানুষের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই অধিকার কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, দেশে চিকিৎসার ক্রমবর্ধমান ব্যয় সাধারণ মানুষের জন্য বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার ব্যয় বহন করতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। এমন বাস্তবতায় সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি এবং মানবিক উদ্যোগের সমন্বয়ে দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে অলাভজনক ও স্বাস্থ্যসেবামূলক কল্যাণ প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট।


মানবসেবার ব্রত নিয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৮০ সালের জুন মাসে ‘To Serve the Humanity’ বা মানবতার সেবার প্রত্যয় নিয়ে ইবনে সিনা ট্রাস্টের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালে মাত্র ১৩ জন চিকিৎসক, কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছিল। কয়েকজন সমাজসেবী মানুষের সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। তাঁদের মধ্যে মীর কাসেম আলীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল দেশের মানুষের কাছে তুলনামূলক সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। দীর্ঘ সময়ের পরিক্রমায় সেই ছোট উদ্যোগ বিস্তৃত হয়ে আজ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করছে।


প্রায় চার যুগ ধরে দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করা ইবনে সিনা ট্রাস্টের অন্যতম ইতিবাচক দিক হলো , তুলনামূলক সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা। দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে যেখানে চিকিৎসার ব্যয় ক্রমেই বাড়ছে, সেখানে সাধারণ মানুষের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে সেবা দেওয়ার প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় প্রদানের উদ্যোগ রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে সহায়ক ভূমিকা রাখছে। একজন রোগীর জন্য সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও সঠিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই প্রয়োজনীয় পরীক্ষা করাতে বিলম্ব করেন। এ ধরনের ছাড় সেই আর্থিক বাধা কিছুটা হলেও লাঘব করতে সহায়তা করছে।


তবে চিকিৎসাসেবার ক্ষেত্রে শুধু মূল্যছাড়ই যথেষ্ট নয়; সেবার মান, পরীক্ষার নির্ভুলতা, চিকিৎসকদের দক্ষতা, রোগীদের প্রতি আচরণ এবং সেবার স্বচ্ছতাও সমান গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় ইবনে সিনার মতো বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ জনবলের পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাও একটি প্রতিষ্ঠানের দায়িত্ব। এ ক্ষেত্রে চিকিৎসাসেবার মানোন্নয়নে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের গুরুত্ব রয়েছে। ইবনে সিনা ট্রাস্টের ISO সনদপ্রাপ্তি এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন। ISO হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ব্যবস্থাপনা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড, যা প্রতিষ্ঠানের সেবাপ্রদানের প্রক্রিয়া, ব্যবস্থাপনাগত দক্ষতা, গ্রাহক সন্তুষ্টি এবং ধারাবাহিক মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে থাকে। স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল ক্ষেত্রে এ ধরনের মান ব্যবস্থাপনা অনুসরণের স্বীকৃতি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও গুণগত মান উন্নয়নের প্রচেষ্টাকে তুলে ধরে।


ইবনে সিনা ট্রাস্টের মানবিক কার্যক্রমের আলোচনায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার পাশে দাঁড়ানোর বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। গণ-অভ্যুত্থানের সময় ও পরবর্তী সময়ে আহত মানুষের চিকিৎসা, আর্থিক সংকট এবং পুনর্বাসনের বিষয়টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এমন সংকটময় সময়ে আহতদের চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় প্রতিষ্ঠানটির উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট প্রকাশিত তথ্যে আহতদের জন্য পাঁচ কোটিরও বেশি টাকার বিনামূল্যে চিকিৎসাসেবা ও সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ মনে করিয়ে দেয় যে, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্ব কেবল রোগীর কাছ থেকে সেবার মূল্য গ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়; সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোও তার নৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ।


অন্যদিকে, ক্যান্সার চিকিৎসা দেশের স্বাস্থ্য খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। দেশে ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসার সেবার সম্প্রসারণের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বাড়ছে। উন্নত চিকিৎসার আশায় প্রতিবছর বহু মানুষ বিদেশে পাড়ি জমাচ্ছেন। এতে একদিকে রোগী ও তাঁদের পরিবারের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে, অন্যদিকে দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। এমন বাস্তবতায়, ঢাকার নিকটবর্তী স্থানে ইবনে সিনা ট্রাস্টের অর্থায়নে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নির্মাণের চলমান উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক। প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্যান্সার রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়বে এবং রাজধানীকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থার ওপর চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে আধুনিক রোগ নির্ণয়, চিকিৎসা, পরামর্শ ও রোগীর দীর্ঘমেয়াদি পরিচর্যার সমন্বিত সুযোগ তৈরি হবে বলে বিশ্বাস রাখছি।


স্বাস্থ্যসেবার মূল ভিত্তি হলো মানুষের আস্থা ও বিশ্বাস। একটি প্রতিষ্ঠানের সাফল্য কেবল অবকাঠামোগত উন্নয়ন, শাখা সম্প্রসারণ কিংবা আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং রোগীরা কতটা আন্তরিকতা, যত্ন ও নিষ্ঠার সঙ্গে সেবা পাচ্ছেন, তার মধ্যেই প্রতিষ্ঠানের প্রকৃত সার্থকতা নিহিত। এ ক্ষেত্রে রোগীবান্ধব পরিবেশ, সেবার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা এবং মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবনে সিনা ট্রাস্টের দীর্ঘ পথচলায় এসব বিষয়কে আরও সমৃদ্ধ ও সুসংহত করার মধ্য দিয়ে জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করি।


মোদ্দা কথা, সময়ের সঙ্গে মানুষের চিকিৎসা সংক্রান্ত চাহিদা ও প্রত্যাশাও পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ইবনে সিনা ট্রাস্টকে তার প্রতিষ্ঠাকালীন মানবসেবার দর্শন আরও বিস্তৃত করতে হবে। সাশ্রয়ী চিকিৎসা সেবার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেবার গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর আরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সঠিক তথ্যের প্রচার এবং দায়িত্বশীল যোগাযোগের মাধ্যমে মানুষের আস্থা ধরে রাখাটাও জরুরি। কারণ, একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন কেবল তার অবকাঠামো, সম্প্রসারণ কিংবা আর্থিক সক্ষমতা নয়; বরং তার সেবায় উপকৃত মানুষের সন্তুষ্টি ও বিশ্বাস। ইবনে সিনা ট্রাস্ট সেই বিশ্বাস ও আস্থাকে পুঁজি করে মানবসেবার অঙ্গীকারে আরও দায়িত্বশীল, জনবান্ধব ও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।



মু. সায়েম আহমাদ 

কলাম লেখক ও পাবলিক রিলেশন অফিসার, ইবনে সিনা ট্রাস্ট 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024