যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। ​শনিবার (২১ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত ‘মেসার্স মহাসিন সাইকেল স্টোর’-এর ভেতর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। পরদিন রোববার (২২ নভেম্বর) দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন। ​আটক শেখ মহাসিন কবির সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া ফুলতলা পট্টির মহাসিন সাইকেল স্টোরের ভেতরে চোরাই ব্যাটারি বিক্রির খবর পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালিয়ে মালামালসহ শেখ মহাসিনকে আটক করে। ​অভিযানে ৫৯টি লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারির উপরের সার্কিট বোর্ড ১৭টি (১৫টি ও ২টি), খোলা সার্কিট ১৫টি, স্টিলের শিট দিয়ে তৈরি বক্স ১৪টি এবং লিথিয়াম ব্যাটারির বক্স ৪টি উদ্ধার করা হয়। ​এ বিষয়ে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024