|
Date: 2026-11-23 15:56:45 |
সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়ন বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। রবিবার (২২ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বিগত সময়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে থাকার পাশাপাশি তিনি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সাধারণ সম্পাদক পদে তার প্রার্থিতাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জিয়াউর রহমান জিয়া বলেন, দল ও আদর্শের প্রতি অবিচল থেকে তিনি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন। আগামী দিনে বহুলী ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় বহুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন বিএনপি আগামীতে আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
© Deshchitro 2024