​দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এডিস মশার কামড়ে সব বয়স ও শ্রেণি-পেশার মানুষ আক্রান্ত হচ্ছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটছে। তবে একটু সচেতনতাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করতে।
​সামাজিক দায়বদ্ধতা থেকে এমনই এক কার্যকর পদক্ষেপ হিসেবে দিনাজপুরে গণেশতলা-নিমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে ‘সাজু-রাশেক পরিষদ’-এর উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
​সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দিনাজপুর শহরের মডার্ন মোড় থেকে নিমতলা পর্যন্ত এলাকায় এই মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ নূরুন্নবী বলেন, “ডেঙ্গু মশার কবল থেকে মুক্ত থাকতে হলে আমাদের নিজ নিজ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি নিজে সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে অন্যকেও সচেতন করে তুলতে হবে।”
​এ সময় উপস্থিত ছিলেন গণেশতলা-নিমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সাজু-রাশেক পরিষদের সভাপতি পদপ্রার্থী সাজু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাশেক রহমান সুমন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মোজাফ্ফর রহমান, সহ-সভাপতি পদপ্রার্থী মাহমুদুর রহমান জনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রুস্তম আলী।
​এছাড়াও পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা, আহসান হাবীব, ফিরোজ আলম, মোঃ আনোয়ার জাহিদ (লিমন), মোঃ আরমান আলী, মহসীন আলী, সাকিব সারোয়ার, আক্তার হোসেন, মোঃ মেরাজ আলী ও মোঃ এরশাদ। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মোঃ হেলাল, মোঃ ইমন, মোঃ টারজান, মোঃ রাজেকুলসহ এলাকার গণ্যমান্য ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024