দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম
চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ এবং রাসায়নিক সার (মিউরিয়েট অব পটাশ বা এমওপি) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনাজপুর পৌরসভাসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "কৃষকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে 'কৃষক কার্ড' প্রদানসহ বিনামূল্যে সার, বীজ ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে আপনারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবেন।"
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মাসুদ তুষার, ৯নং আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সরকার, জেলা বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশিদ কচিসহ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।