‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস-এসএফ কর্মসূচি, শেরপুর সদর-এর আয়োজনে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহায়তায় কারিতাস অফিস, কুসুমহাটি, শেরপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মি. সুলভ দফো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফর কবীর। কর্মসূচিতে শেরপুর সদর উপজেলার লছমনপুর ও বলাইয়েরচর ইউনিয়নের এসআরজি সদস্য এবং সিবিও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা আরও বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু নারীর বিষয় নয়; এটি একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অন্যতম শর্ত। এ লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ে সামাজিক সংগঠন ও কমিউনিটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখ্য, মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024