বগুড়ার আদমদীঘিতে পল্লী বিদ্যুতের আওতায় সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েলসহ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতি-১ এর এজিএম (ওএন্ডএম) হাবিবুল্লাহ বাদি হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে কৃষিকাজ সেচ ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ জন্য এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা ১০ কেভিএ তিনটি ট্রান্সফরমারের কোর, কয়েলসহ যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।


যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৬ হাজার ৩৫৮ টাকা বলে দাবী করা হয়। ট্রান্সফরমার চুরি হওয়ার পর ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয় এবং সেচকাজ ব্যাহত হওয়ার আশঙ্কায় পড়েছেন কৃষকরা। অভিযোগ রয়েছে, এর আগেও ওই এলাকায় একাধিকবার বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম জানান, চোর শনাক্ত ও চুরি যাওযা মালামাল উদ্ধারে জোড় তৎপরতা চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024