মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘আগেও বলেছি, তাঁর (শেখ হাসিনা) প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।’


বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেন, ভ্রমণ নথির মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।


আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে তাঁর মুখপাত্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার এক দিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মন্তব্য এলো। এর আগে সম্প্রতি বাংলাদেশ সরকারের কাছেও প্রয়োজনীয় ভ্রমণ নথি চেয়ে অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা; তবে বর্তমান বিএনপি সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করে।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থান চলাকালে দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।


তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথাও জানিয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর গত জুলাইয়ে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সম্ভাব্য সময়ের ইঙ্গিত দিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বলেছিলেন।


ঢাকা দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় নয়াদিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ভারত বরাবরই জানিয়ে আসছে, বাংলাদেশের অনুরোধটি প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। মূলত এ বিষয়টিকে কেন্দ্র করেই দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। 


(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024