চারদিকে কমেছে কুয়াশার পরিমাণ; হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শরীরে লাগছে শীতের শিহরণ, আর বাঁশঝাড়ের ফাঁকে উঁকি দিচ্ছে সূর্য। বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতা বাড়লেও হিমেল বাতাসের কারণে সেই তাপ গায়ে লাগছে না। এমন পরিস্থিতিতে উত্তরের জেলা পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে বিরাজ করছে।


আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ে উত্তরের এই জেলাটি। অন্য দিনের তুলনায় কুয়াশার ঘনত্ব কিছুটা কম থাকলেও হিমালয় থেকে আসা হালকা হিমেল বাতাস বইতে থাকে। কুয়াশার কারণে ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় যানবাহনগুলোকে। সকাল থেকেই কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে শীতের কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হন শ্রমজীবী মানুষেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকে।


তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা আজিজুর রহমান বলেন, "সকালবেলা চা বাগানে কাজ করতে গেলে কুয়াশা ও ঠান্ডার কারণে হাত-পা জমে আসে। শীত আসতে তো আরও বাকি, এখনই শীতের তীব্রতা অনেক বেশি।"


সদর উপজেলার অমরখানা এলাকার বাসিন্দা রমিজুল ইসলাম বলেন, "প্রতিবছরই শীত আসে, প্রতিবছরই যায়। কিন্তু আমাদের দুঃখ-দুর্দশা বাড়তেই থাকে। কেউ আমাদের দিকে দেখে না, একটা শীতের কম্বলও দেয় না। যদি একটা কম্বল পেতাম, খুব ভালো হতো।"


এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বৃষ্টিবলয় কেটে যাওয়ার কারণে গত কয়েক দিন ঘন কুয়াশার পরিমাণ বেশি ছিল। এখন কুয়াশা কিছুটা কমলেও শীতের তীব্রতা কমেনি। রোদের দেখা মিললেও হিমালয়ের বাতাসে শীত অনুভূত হচ্ছে; জেলায় চলতি মাসের শেষে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানান তিনি

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024